সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে তের বছরের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জসিটের উপর শুনানির দিন আগামী ২৪ আগস্ট ধার্য করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন সোমবার এ তারিখ ধার্য করেন।
রাজনকে পৈশাচিকভাবে পিটিয়ে হত্যার ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় রবিবার সন্ধ্যায় ১৩ জনের বিরুদ্ধে চার্জসিট দাখিল করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জসিট দাখিল করেন।
রাজন হত্যার ৩৮ দিনের মাথায় দাখিল করা চার্জসিটে সৗদি আরবে আটক কামরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে ও মোট ৩৮ জনকে স্বাক্ষী করা হয়েছে। অভিযুক্তরা হলেন, জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মুহিত আলম (৩২), তার ভাই কামরুল ইসলাম (২৪), শামীম আলম (২০), পাভেল ইসলাম (১৮), আলী হায়দার ওরফে আলী (৩৪), চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫), জালালাবাদ থানার টুকেরবাজার ইউনিয়নের পূর্ব জাঙ্গাইল গ্রামের ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নুর মিয়া (২০), দুলাল আহমদ (৩০), আয়াজ আলী (৪৫), তাজ উদ্দিন বাদল (২৮), ফিরোজ মিয়া (৫০), আছমত আলী (৪২) ও রুহুল আমিন (২৫)।
তাজ উদ্দিন বাদল ও রুহুল আমিন ছাড়া বাকি আটজন এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ-কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
