ময়মনসিংহের গৌরীপুর আসনের সংসদ সদস্য মুজিবর রহমান ফকির জীবন নাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উড়ো চিঠিতে জঙ্গিরা তাকে খুন করার হুমকি দিয়েছে বলে রবিবার গৌরীপুর থানায় জিডিতে উল্লেখ করেছেন তিনি।
জিডিতে তিনি নিজেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত এবং স্বাধীনতা প্রেমিক হিসেবে দাবি করেন। উল্লেখ করা হয়, গৌরীপুর পৌর শহরের জোড়া দিঘির পাড়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা ও স্থানীয় কিছু সংখ্যক প্রয়াত নেত্রীবৃন্দের মোট ১৫টি ভাস্কর্য নির্মাণ করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ১৪২টি শহীদ মিনার নির্মাণ করেছেন বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে বলা হয়েছে, গত ১৫ আগস্ট কলতাপাড়া ৪৭ ফুট দীর্ঘ বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাজ উদ্বোধন করেন মুজিবর রহমান ফকির। ভাস্কর্যের কাজ শুরু করার পর থেকে উড়ো চিঠিতে প্রাণ নাশের হুমকি পাচ্ছেন। এর জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযুদ্ধের বিপক্ষের দেশদ্রোহী ব্যক্তি ও জামাত বিএনপির এজেন্টকে দায়ী করেন তিনি।
এমপির দাবি, হুমকি পাওয়ার পর গৌরীপুর পৌর শহরের কয়েকটি জায়গায় সি.সি.ক্যামেরা স্থাপন করেন তিনি। সি.সি. ক্যামেরা স্থাপন করায় গৌরীপুরে মাদক ব্যবসা, ইভটিজিং, ছিনতাই, রাহাজানি বন্ধ রয়েছে। উপজেলার অফিস পাড়ায় সি.সি. ক্যামেরা স্থাপন করায় সকল অফিসারগণ সঠিক সময়ে অফিস করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ও বিএনপির উপজেলা চেয়ারম্যান সন্ত্রাসীদেরকে নিয়ে উপজেলা পরিষদ কক্ষে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমারা তদন্ত করে জঙ্গিদের সনাক্ত করার চেষ্টা করছি।
