নারায়ণগঞ্জে সাবেক এমপি-তার পুত্র কারাগারে

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৯:৪২
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, তার ছেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশা এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে করা মামলায় জেলার দ্রুত বিচার ট্রাইবুন্যালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক কেএম মহিউদ্দিন জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি বন্দর উপজেলার নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন কালো পতাকা মিছিলের আয়োজন করে। ওই মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের বহনকারী একটি পিকাপভ্যানে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় পুলিশ বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, তার ছেলে আবুল কাউসার আশাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে।