রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১ লাখ ১৭ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মাদক সম্রাট ইয়ামিন, তার দুই সহযোগী সাহেদ শেখ ও তুষার আহম্মেদ।
রবিবার বিকালে সম্রাট কমিউনিটি সেন্টারের সামনে পুলিশ সদর দফতরের এলআইসি শাখা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এসময় একটি নোয়া মাইক্রোবাসও (ঢাকা মেট্রো চ-৫১-৬৭৪১) জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়ি তল্লাশি করে গ্যাসের সংযোগহীন সিলিন্ডারের ভিতরে ১ লাখ ১৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তারা চট্টগ্রাম থেকে ইয়াবা কিনে বিক্রির জন্য মাইক্রোবাসে ঢাকায় নিয়ে আসছিল। যাত্রাবাড়ী-শ্যামপুর এলাকার মাদক সম্রাট ইয়ামিন গত ১৫ বছর ধরে ইয়াবার ব্যবসা করে আসছে। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন।
