ডেসটিনি পরিচালকের বাড়িতে টাঙানো হয়েছে দুদকের নোটিশ

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২২:৩০
 
ডেসটিনির পরিচালক মো. সাজ্জাদ হোসেনের বাসার দরজায় নোটিশ টাঙিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার সাত কর্ম দিবসের মধ্যে দুদকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দেয়ার জন্যে সাজ্জাদ হোসেনের পূর্ব রামপুরার ৩/২ নম্বর বাসায় নোটিশ নিয়ে যান। এ সময় তাকে বাসায় না পেয়ে তার ঘরের দরজায় নোটিশটি টানিয়ে দেন। এক্ষেত্রে আশপাশের কয়েকজনকে সাক্ষীও করা হয়।
 
সূত্র জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দুদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক। সম্প্রতি দুদক তার সম্পদ যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতেই নোটিশটি জারি করা হয়।
 
দুদক উপ-পরিচালক মোজাহার আলী সরদার জানান, তিনি সাজ্জাদের বাসায় নোটিশটি নিয়ে যান। এ সময় তাকে বাসায় পাওয়া যায়নি। এ কারণে বাসার দরজায় নোটিশটি টানিয়ে দেয়া হয়।