বিচার বিভাগের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র চলছে: প্রধান বিচারপতি

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ০০:৫২

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র চলছে। আমি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগে গতিশীলতা ফিরে আসায় এবং বিচারকরা স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারছেন বলেই তা ব্যাহত করতে এই ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে বিচার বিভাগ কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
প্রধান বিচারপতি উল্লেখ করেন, বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় থাকা ৩০ লাখ মামলার মধ্যে বিগত ছয় মাসে মামলা নিষ্পত্তির হার ২৬ থেকে ৪০ শতাংশে উন্নীত হয়েছে। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ ভাগ মামলা নিষ্পত্তি সম্ভব হবে এবং আগামী এক বছরের মধ্যে ৫০ ভাগ মামলার জট কমে যাবে। আমি দায়িত্ব নেয়ার পর আদালতে মামলা নিষ্পত্তিতে যে গতিশীলতা এসেছে তা নিয়ে একটি মহলে ষড়যন্ত্র শুরুর আভাস পাওয়া যাচ্ছে। মামলার জট নিরসনের জন্য প্রধান বিচারপতি আইনজীবীদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সময় মতো আদালতে আসলে মামলার বিচারকাজে গতিশীলতা আসবে।  তিনি বলেন, প্রত্যেক আদালতের বিচারককে সকাল সাড়ে ৯টার মধ্যে এজলাসে উপস্থিত হওয়া এবং পূর্ণ কর্মঘন্টা ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মধ্যাহ্ন বিরতির পর আদালতে বিচার কার্যক্রমে অংশ গ্রহণের অনুরোধ জানিয়ে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি আরো বলেন, জুনিয়র আইনজীবীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের পালন করতে হবে।
 
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা ও দায়রা জজ লুত্ফা বেগম, পিপি সিরাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত ঘোষ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শওকত। সমিতি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ মোঃ আমিনুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান, আদালতের জজ ও ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।