গোপালগঞ্জে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ০১:৪৭

জেলায় মিনার কাজী (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের তেঘরিয়া এলাকা থেকে গতকাল সোমবার সকাল ১১টার দিকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে। মিনার গোপালগঞ্জ শহরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে গোপালগঞ্জ সদর উপজেলার জগাচ্চর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুক্তিযোদ্ধা সাহেব আলী কাজীর ছেলে। তারা জেলা শহরে তেঘরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

 
নিহত স্কুল ছাত্রের বাবা সাহেব আলী কাজী জানান, মিনার রবিবার এশার নামাজের আগেই ঘর থেকে বের হয়ে যায়। অনেক রাতেও সে বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি পরিবারের লোকজন। পরে গতকাল সকালে বাসার ৫শ’ গজ দূরে নির্মাণাধীন গোপালগঞ্জ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের পাশে একটি ঢিবির উপর তার গলা কাটা লাশ স্থানীয়রা দেখতে পান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 

বিকালে ময়না তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের কাছে মিনারের লাশ হস্তান্তর করে। গোপালগঞ্জ সদর উপজেলার জগাচ্চর গ্রামের বাড়িতে জানাজা শেষে মিনারের মরদেহ দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে। তবে তিনি প্রাথমিকভাবে হত্যার কারণ জানতে পারেননি।