মুন্সীগঞ্জে সোমবার বিকালে শিক্ষকের বেত্রাঘাতে আতিকুর রহমান শ্রাবণ (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। সদর উপজেলার পঞ্চসার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। ছাত্রের বাম হাত, পিঠ, উরু ও ডান হাতে বেত্রাঘাতের প্রচুর দাগ পড়েছে, রক্ত জমে ফুলে গেছে।
শ্রাবণ জানায়, ক্লাসের একটি জানালা খোলা নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ইংরেজি শিক্ষক কামরুল ইসলাম মোটা বেত দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। প্রত্যক্ষদর্শী আরেক ছাত্র জানায়, ছেলেটির চিত্কার আর করুণ আকুতিতেও শিক্ষকের প্রহার থামেনি। পরে আহত অবস্থায় বাড়ি ফিরে আসলে অভিভাবকরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে চিকিত্সা দেয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সারাবান তাহুরা জানান, এব্যাপারে দায়ী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. ফজলে আজিম জানান, সরকার যেখানে ভীতিহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছে, সেখানে এমন বেত্রাঘাত কোনভাবেই মেনে নেয়া যায় না।
