ফিজিতে আবর্জনা সমস্যা মোকাবিলায় দেশটির সরকার অভিনব এক উদ্যোগ নিয়েছে। রাস্তাঘাটে যারা যত্রতত্র আবর্জনা ফেলছেন তাদেরকে লজ্জা দিয়ে এই কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, আবর্জনার এই সমস্যা দেশটিতে ক্রমশই মারাত্মক রূপ নেয়ায় এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নিজেই এই সমস্যাটিকে ‘জাতীয় লজ্জা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘বিশ্বের লোকজনকে আমরা বলতে পারবো না যে, আপনারা ফিজিতে আনন্দ করতে আসুন। বরং পরিস্থিতি এমন হয়েছে যে, আমাদের বলতে হবে, আবর্জনা দেখতে আপনারা ফিজিতে আসুন।’ এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে স্থানীয় লোকজনকে।
এখানে সেখানে যারা ময়লা ফেলছেন তাদের ছবি তুলে অথবা ভিডিও করে সরকারের বিশেষ একটি ইউনিটের কাছে পাঠিয়ে দিচ্ছেন তারা। তারপর এই ছবি ধরে তাদের বিচার করা হবে। ছবি তোলার জন্য স্থানীয় লোকজনকে উত্সাহী করতে তাদেরকে পুরস্কার দেয়ার কথাও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যিনি ময়লা ফেলেছেন তার কাছ থেকে আদায় করা জরিমানার কিছু অংশের জন্য আবেদন করতে পারবেন ওই ফটোগ্রাফার, জানিয়েছেন পরিবেশ মন্ত্রী পারভীন কুমার। এবং তারপর দোষী ওই ব্যক্তির নাম পাঠানো হবে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে। -বিবিসি
