গ্যাস লাইনে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১১:৩৯
রাজধানীর ডেমরায় গ্যাস লাইনের আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (১২)। এই ঘটনায় আরেক শিশু দ্বীন ইসলাম আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আরিয়ানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানিয়েছেন, সোমবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়। 
 
জানা গেছে, সোমবার দুপুরে সারুলিয়ার পশ্চিম বক্সনগর কাসেমের দোতলার বাড়ির নিচতলায় গেইটের সামনে গ্যাসের লাইনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ ঘটনায় দ্বীন ইসলাম ও আরিয়ান আহত হয়।
আহত দুই শিশুকে তাদের পরিবার হাসপাতালে নিয়ে আসেন।