প্রণবপত্নী শুভ্রা আর নেই

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৭:২১
 
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে, ভারতের ফার্স্ট লেডি শুভ্রা মুখার্জি আজ সকালে মারা গেছেন।
 
বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নয়াদিল্লির আর্মি হাসপাতালে ভর্তি ছিলেন শুভ্রা মুখার্জি। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হৃদপিণ্ডজনিত সমস্যা থাকায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল।
 
প্রণবপত্নীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে শোক জানিয়েছেন। 
 
১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের তৎকালীন যশোরের নড়াইলে জন্মগ্রহণ করেন শুভ্রা মুখার্জি। ১৯৫৭ সালের ১৩ জুলাই তিনি প্রণব মুখার্জিরন সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি ও দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও ইন্দ্রজিৎ মুখার্জি রয়েছে।
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় ভক্ত ছিলেন শুভ্রা মুখার্জি। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং কবির অনেক নৃত্যনাট্য ভারত ছাড়াও ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশে প্রদর্শন করেছেন।
 
গীতাঞ্জলি নামে তিনি একটি যাত্রাদল তৈরি করেছিলেন। এর উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের গানে ও নৃত্যনাট্যে যে দর্শন প্রকাশ হয়েছে তা ছড়িয়ে দেয়া।
 
এছাড়াও তিনি ছবি আঁকতেন। তিনি অনেক যৌথ প্রদর্শনী করা ছাড়াও একক প্রদর্শনী করেছেন।
 
শুভ্রা মুখার্জি দুইটি বই লিখেছেন। এর মধ্যে প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সখ্যতা নিয়ে ‘চোখের আলোয়’ ও চীনে ভ্রমণ নিয়ে ‘চেনা অচেনায় চীন’ লিখেছেন। সূত্র: জি-নিউজ ও টাইমস অব ইন্ডিয়া।