শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে পার্লামেন্ট নির্বাচনে তার পরাজয় মেনে নিয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে তিনি এ কথা বলেন। তবে তিনি পার্লামেন্টে বিরোধী দলীয় সদস্য হিসেবে কাজ করবেন।
রাজাপাকসে বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আমার ভেঙ্গে গেছে। আমি নির্বাচনে পরাজয় মেনে নিচ্ছি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা হেরে গেছি।’
নির্বাচন কমিশন প্রধান মাহিন্দা দেশপ্রিয় চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই রাজাপাকসে তার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের পরাজয় মেনে নিয়েছেন।
রাজাপাকসে বলেন, ‘নির্বাচনে আমরা আটটি জেলায় জিতেছি। অন্যদিকে ইউএনপি (ক্ষমতাসিন ইউনাইটেড ন্যাশনাল পার্টি) মোট ২২ জেলার মধ্যে ১১টিতে জয়লাভ করেছে। এর মানে হচ্ছে আমরা হেরে গেছি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে আমরা হেরেছি।’
কর্মকর্তারা জানান, বাকি যে তিনটি জেলায় ফলাফল ঘোষণা করা হয়নি সে তিনটি জেলায় সংখ্যালঘু তামিল দলের প্রাধান্য রয়েছে। তারা আরো জানান, সোমবারের নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
নির্বাচন কমিশনার মাহিন্দা দেশপ্রিয় জানান, মঙ্গলবার দুপুর নাগাদ চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি আশা করছেন।
-বাসস
