নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৭

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৫:১৫


নাইজেরিয়ার সশস্ত্র ইসলামিক গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নাইজার সীমান্তে বর্নো প্রদেশে সোমবারের এ হামলায় নিহতরা সবাই বেসমারিক নাগরিক।

স্থানীয় নেতাদের সূত্রে এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, প্রদেশের দামাসাক শহরের আওনোরি গ্রামে বিদ্রোহীরা হামলা চালায়। দামাসাক মাছ ধরার জন্য বিখ্যাত।

দামাসাক জেলে সমিতির নেতা মোহাম্মাদু মোদু ওয়ান-ওয়ান বলেছেন, ‘তারা (বিদ্রোহীরা) সাতজনকে হত্যা করেছে। তারা হামলার পর গ্রামের বাড়িগুলো থেকে মালপত্রও লুটপাট করে নিয়ে গেছে।’

প্রাদেশিক জেলে সমিতির প্রদেশের প্রধান আবু বকর গামান্ডিও হামলার খবরটি নিশ্চিত করেছেন।

কট্টরপন্থী ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র লড়াই করছে বোকো হারাম।

ছয় বছরের এই যুদ্ধে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন।