ভারতের ২৫০ রানও টপকাতে পারল না অস্ট্রেলিয়া

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৯:৫৮

নাগপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে জিতেছে ভারত। আগে ব্যাট করে বিরাট কোহলির সেঞ্চুরির পরও মাত্র ২৫০ রানে অলআউট হয় ভারত। জয়ের জন্য ২৫১ রানের লক্ষে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহর হিসেবি বোলিংয়ে ২৪২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। 

 

মঙ্গলবার নাগপুরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ৪৭.১ ওভার পর্যন্ত অপরাজিত ছিলেন। ১২০ বল খেলে ১০ চারে করেন ১১৬ রান করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন বিজয় শঙ্কর। ৪৮.২ ওভার ব্যাট করে ২৫০ রানে অলআউট হয় ভারত। কামিন্স ৯ ওভারে ২ মেডেনসহ ২৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। 

আরো পড়ুন : যশোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গোলাগুলিতে নিহত

২৫১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে অ্যারোন ফিঞ্চ ও উমসান খাজা ৮৩ রান তোলেন। এই জুটি ভাঙার পর অস্ট্রেলিয়ার রান তোলার গড় স্লো হয়ে যায়। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়েনিস সর্বোচ্চ ৫২ রান করেন। ৪৮ রান করেন পিটার হ্যান্ডসকম। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৪২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের কুলদীপ যাদব ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন বুমরাহ ও বিজয় শঙ্কর।

 

এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারত লিড নিয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচসেরা নির্বাচিত হন বিরাট কোহলি।

 

 

ইত্তেফাক/ইউবি