শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিল্পবর্জ্যকে এক সময় মূল্যহীন ভাবা হলেও আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে বর্তমানে এটি মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। মালদ্বীপ সফররত শিল্পমন্ত্রী ‘শিল্পবর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক ষষ্ঠ আঞ্চলিক সম্মেলন উপলক্ষে আয়োজিত গোলটেবিল সংলাপে সভাপতিত্বকালে তিনি এই কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।
মালদ্বীপের রাজধানী মালের ধারুবার্গ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের মাধ্যমে শিল্পবর্জ্যের পরিশোধন ও এর পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। ফলে শিল্পখাতে উত্পাদনশীলতা বাড়ছে। বাংলাদেশ এর মধ্যেই শিল্পবর্জ্য হ্রাস, বর্জ্য পরিশোধন ও পরিশোধিত বর্জ্য শিল্প উত্পাদনে পুনর্ব্যবহারের লক্ষ্যে জাতীয় থ্রি আর কৌশল গ্রহণ করেছে।
বৈঠকে বক্তারা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে দ্রুত নগরায়নের ফলে শিল্পবর্জ্যের পরিমাণ অপ্রত্যাশিত হারে বাড়ছে। এই বর্জ্য দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যকে ক্রমেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তারা শিল্পবর্জ্যের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় একটি মেগাপ্রকল্প বাস্তবায়নের বিষয়ে একমত হন। তারা প্রাকৃতিক ও প্রতিবেশগত ঝু্ঁকি মোকাবেলায় এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তা বিনিময়ের পাশাপাশি নতুন উদ্ভাবিত সবুজ প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দেন।
সংলাপে অন্যান্যের মধ্যে মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ইসহাত শিহাম, রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী মোহামেদ হুসাইন সারিফ, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত মন্ত্রী মোহামেদ সাঈদ ও পররাষ্ট্রমন্ত্রী মিজ. ধুনিয়া মাওমুন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্র ও জাপান সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ সহায়তায় মালদ্বীপ সরকার তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। আগামী ১৯ আগস্ট এই সম্মেলন শেষ হবে।-বাসস।
