প্রবীর সিকদারের গ্রেফতার ‘দুঃখজনক’: তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৭:২৭
 
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতারের বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কোনো রকম আইনি সুরক্ষা থেকে উনি যাতে বঞ্চিত না হন, সেজন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নজর রাখব।’ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রীর ‘সুনাম ক্ষুণ্নের’ অভিযোগে গত রবিবার রাতে সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার করে পুলিশ, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রবীর সিকদারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার ঘনিষ্ঠজন। তিনি যখন আরেকবার বিপদে পড়েছিলেন, আমার ক্ষুদ্র সামর্থ্য অনুসারে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রবীর শিকদারের গ্রেফতার হওয়ার ঘটনা দুঃখজনক বলে আমি মনে করি।’