পশ্চিমমুখী নীতির অংশ হিসেবে আরব বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রয়েছে ভারত। দীর্ঘ সময় পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের পর এক বিবৃতিতে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর এনডিটিভির।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দরা গান্ধীর সফরের দীর্ঘ ৩৪ বছর কেটে যাওয়ার পর এক আড়ম্বরপূর্ণ সফরে মধ্যপ্রাচ্য গেলেন প্রধানমন্ত্রী মোদি। রবিবার রাতে তিনি আবু ধাবির প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে অবতরণ করার পর তাকে অভ্যর্থনা জানাতে আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন। এসময় তার অন্য পাঁচ ভাইও মোদিকে স্বাগত জানান।
সোমবার ইউএইর শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের সাথে বৈঠককালে মোদি তার দেশে বিনিয়োগ এবং বাণিজ্য করার তাগিদ দেন। এসময় তিনি ভারতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে ব্যবসায়ীদের প্রতি ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করার আমন্ত্রণ জানান। এরপর ভারতীয় প্রধানমন্ত্রী আবু ধাবির সবচেয়ে বড় মসজিদ শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন করেন।
এ দিকে, মোদির এ সফরে আসার লক্ষ্যে আরব আমিরাত তাদের দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের লোকজনের জন্য মন্দির স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে ২৬ লাখ ভারতীয় রয়েছেন।
ও দিকে, গত সপ্তাহে ইরান সফরে যান ভারতীয় প্রধানমন্ত্রী। সেসময় তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে সাক্ষাত্ করেন। এ বছরের শেষদিকে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে মোদির।
অন্যদিকে ২৩ আগস্ট মিসরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সফরে সুষমা সন্ত্রাস এবং বাণিজ্যকে গুরুত্ব দিবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমনই এক সময় মিসর সফরে যাচ্ছেন যখন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল-সিসি বিদ্রোহী জিহাদিদের মোকাবেলায় সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন করেছেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সহিংসতা দিন দিন বেড়েই চলেছে।
