রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৯:০৭
 
রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার হাসান আলীর ছেলে। তিনি ৭/এ ধানমন্ডিতে থাকতেন।
 
জাহাঙ্গীরের ছোট ভাই জালাল উদ্দিন জানান, হাতিরপুল মোতালেব প্লাজার তৃতীয় তলায় তার ভাইয়ে মোবাইলের দোকান আছে। তার ভাই জাহাঙ্গীর সোমবার সাভারে একটি পার্টির কাছে থেকে ২ লাখ টাকা নিয়ে বাসে করে দোকানে ফিরছিলেন। পথে ভিক্টোরিয়া পার্কের সামনে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। পরে বাসটি ভিকটোরিয়া পার্কের সামনে আসলে সব যাত্রী নেমে গেলেও তিনি অচেতন অবস্থায় বাসের ভেতর পড়ে ছিলেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্য হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।