চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আয়কর আদায় লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬৩ কোটি টাকা কম আয়কর আদায় হয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত জুলাইয়ে ২ হাজার ৭০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর আদায় হয়েছে ২ হাজার ৩৪৪ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২০২৪ কোটি টাকা। বর্তমানে এনবিআরের আয়কর বিভাগের ৩১টি কর অঞ্চল রয়েছে দেশব্যাপী। অর্থবছরের প্রথম মাসে এসব কর অঞ্চলের মধ্যে ৯টি লক্ষ্যমাত্রা অর্জন ব্যর্থ হয়েছে।
অবশ্য আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শুরুতে আয়কর আদায়ে গতি কিছুটা কম থাকে। সাধারণত অর্থবছরের শেষ দিকে আদায় বাড়তে থাকে।
চলতি অর্থছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে আয়কর বিভাগের আদায়ের লক্ষ্যমাত্রা ৬৫ হাজার কোটি টাকা। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের আদায়ের চাইতে ৩০ শতাংশেরও বেশি। এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, এ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
