রাজধানীর উত্তরা ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেন্সিডিল, বিদেশি বিয়ার, মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এ চার মাদক ব্যবসায়ী হলেন—গোপাল চন্দ্র রায়, মো. আব্দুল খালেক, মো. সুজন ও শরীফ হোসেন ওরফে মনির।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুন্তাসিরুল ইসলাম জানান, উত্তরা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেন্সিডলসহ শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ট্রাকও জব্ধ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত শরীফ সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এদিকে, কদমতলী থানা এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে গোপাল চন্দ্র রায়, মো. আব্দুল খালেক ও মো. সুজন নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০টি বিদেশি বিয়ার ক্যান ও ৫৩ বোতল দেশিয় মদ উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বহুদিন ধরে তারা বিদেশি মদ ও বিয়ার বিক্রি করে আসছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
