গতানুগতিক ধারাকে একটুখানি পাশ কাটিয়ে কথানির্ভর সুর সৃষ্টির চেষ্টায় তৈরি হচ্ছে “অন্ত:পৃষ্ঠা”। একক গানের অ্যালবাম অন্ত:পৃষ্ঠায় কণ্ঠ দিয়েছেন সম্ভাবনাময় শিল্পী নয়ন।
নয়ন, পুরো নাম আল মাসুদ নয়ন। মিডিয়ারই মানুষ, সংবাদকর্মী আর আরজে হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও সংগীত জগতে অন্ত:পৃষ্ঠার মাধ্যমে তার প্রথম পদার্পন।
নয়ন তার অ্যালবামের নাম সম্পর্কে জানান, অন্ত:পৃষ্ঠা শব্দের শাব্দিক অর্থ ভেতরের পাতা। ক্লোজআপ-ওয়ান খ্যাত শিল্পী রিংকুর স্টুডিও “সম্পর্কে” কাজ চলছে অন্ত:পৃষ্ঠার।
অন্ত:পৃষ্ঠা অ্যালবামটির সংগীতের কাজ করছেন আতিক। অ্যালবামটিতে স্বপ্নীল প্রিয়া, আঁকাবাকা মন, ছবি, বলি বলি, আয় বালিকা, চাঁদ, প্রেমবৃন্দাবনসহ বিভিন্ন শিরোনামের সাত থেকে আটটি গান থাকতে পারে বলে আশা প্রকাশ করছেন তিনি। এরই মধ্যে স্বপ্নীল প্রিয়া গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনাও রয়েছে নয়নের।
গানগুলোর কথা এবং সুরারোপ করেছেন নয়ন রাজা। এরই মধ্যে নয়ন রাজার লেখা এবং সুরে এটিএন মিউজিক থেকে প্রকাশিত মা আরেফতের পতাকা অ্যালবামে দুইটি মৌলিক গান করেছেন মাকসুদুল হক মাকসুদ।
এ বছরের শেষের দিকেই গানের অ্যালবাম অন্ত:পৃষ্ঠার মোড়ক উন্মোচন করার সংকল্প রয়েছে।
নিজ খরচে অ্যালবাম প্রকাশের ব্যাপারে নয়ন বলেন, গানের প্রতি ভালোবাসা থেকে তিনি অ্যালবামটি করছেন। তিনি আশা করছেন, গানগুলি শ্রোতাদের ভালো লাগবে। নয়ন বলেন, প্রথম অ্যালবাম তাই হয়তো পৃষ্ঠপোষকতায় কেউ এগিয়ে আসেনি, এলে বাংলাদেশের সংগীতে একটি ব্যতিক্রম ধারা সৃষ্টি করতে পারবো বলে আশা করি।’
