গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৪:২৯
 
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই আদেশ দেন।
 
দন্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম (৩৭) গাজীপুর মহানগরীর পূর্ব বাহাদুরপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। ফাঁসির আদেশের পাশাপাশি তাকে ৫০ হাজা টাকা জরিমানা করা হয়েছে। অন্য দুই আসামি জাহানারা ও জাহিদ হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। 
 
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এবিএম আফফান জানান, ২০১০ সালের ১৫ আগস্ট স্ত্রী আয়েশা আক্তার লিজাকে (২৮) পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করেন জাহাঙ্গীর। তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
এই ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ জাহাঙ্গীরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়া হয়।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি ফজলুল কাদের এবং স্পেশাল পিপি এবিএম আফফান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. ফজলুল হক।