সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৪:৫৯
 
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম বারী মোড়ল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নলতা রওজা শরীফ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বারী কালীগঞ্জ উপজেলার নলতা শানপুকুর গ্রামের পাঁচকড়ি মোড়লের ছেলে।
 
নিহতের স্বজনরা জানায়, গোলাম বারি সকালে াড়ি থেকে বের হয়ে বাইসাইকেলে করে নলতা মোবারকনগর বাজারে যাচ্ছিলেন। রাস্তায় রওজা শরীফ মোড়ে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত একটি ভ্যানকে ওভারটেক করতে যেয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ক্ষুব্ধ জনতা গাজীরহাট থেকে ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম বারি মারা যাওয়ার প্রতিবাদে স্থানীয় লোকজন সাতক্ষীরা- কালীগঞ্জ সড়ক অবরোধ করে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ঘাতক চালককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, ট্রাকটি আটক করা হয়েছে। লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।