থাইল্যান্ডে বোমা হামলাকারীর স্কেচ প্রকাশ

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৬:১৪

ব্যাংককে সন্দেহভাজন ভয়াবহ বোমা হামলাকারীর সম্পূর্ণ স্কেচ প্রকাশ করেছে থাই পুলিশ। নিরাপত্তা ফুটেজ দেখে তৈরি করা স্কেচটি বুধবার প্রকাশ করা হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়েছে, নিরাপত্তা ফুটেজে মন্দিরের পেছন দিকে তার অবস্থান ধরা পড়ে। ফুটেজটি বোমা বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগের। জাতীয় পুলিশের মুখপাত্র প্রউত থাভোর্নসিরি জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি ‘বিদেশী অথবা থাই অধিবাসী’ হতে পারে। তার চুল কাল রঙের এবং তার গায়ের রং শ্যামলা।

জাতীয় পুলিশ প্রধান সমইয়ত পাম্পানমুয়াঙ বলেছেন, সন্দেহভাজন ঐ ব্যক্তি হলূদ রঙের শার্ট পরিহিত ছিলেন। প্রথম সিসিটিভি ফুটেজে তার কাঁধে ব্যাগ ছিল। কিন্তু দ্বিতীয় ফুটেজে দেখা গেছে, তার কাঁধে কোনো ব্যাগ নেই। সন্দেহভাজন ঐ ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বা বিদেশি হতে পারে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ইরওয়ান মন্দিরের কাছে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বিদেশিসহ ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।