দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাপানের ‘ক্ষমা চাওয়া বন্ধ করা উচিত’: জরিপ

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ২১:০৮
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভূমিকার জন্য টোকিওর ক্ষমা চাওয়া বন্ধ করা উচিত। জাপানের একটি সংবাদপত্রের চালানো জরিপে অধিকাংশ ভোটার এই রায় দিয়েছে। খবর- এএফপি’র। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধের ৭০তম বার্ষিকীর প্রাক্কালে জাপানের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যুদ্ধে জাপানের ভূমিকায় অনুশোচনা প্রকাশ করে জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পূর্বের সরকারের অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে।
 
তবে তিনি বলেন, যুদ্ধের সময় টোকিওর কর্মকাণ্ডের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে দুঃখ প্রকাশের বিষয়টি ‘আগের থেকেই নির্ধারণ’ করে দেয়া উচিত নয়। ভবিষ্যৎ প্রজন্মকে এ নিয়ে আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

বুধবার জাপানের সর্বাধিক বিক্রিত পত্রিকা ইয়োমিউরি জনমত জরিপটি প্রকাশ করে। জরিপের ফলাফলে দেখা যায় ৬৩ শতাংশ মানুষ এ ব্যাপারে একমত যে জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত। অন্যদিকে ২৭ শতাংশ মনে করে জাপানের দুঃখ প্রকাশ অব্যাহত রাখা উচিত।
 
যদিও জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি লোক জাতির পক্ষ থেকে অ্যাবের পূর্ববর্তী দুঃখ প্রকাশের শপথকে সমর্থন জানিয়েছে। ১ হাজার ৭৬১ জন জাপানি এই জরিপটিতে অংশ নেয়। প্রধানমন্ত্রীর বক্তৃতার বিষয়ে তারা বিভক্ত মতামত দেয়।
 
৪৮ শতাংশ অ্যাবের বক্তৃতাকে সমর্থন এবং ৩৪ শতাংশ লোক তার বক্তব্যের বিরোধিতা করেছে।