বদির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শেষ, আদেশ ৮ সেপ্টেম্বর

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ২১:৩৫
 
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি শেষ হয়েছে। আগামি ৮ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
 
বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার শুনানি শেষে এ দিন ধার্য করেন। জামিনে থাকা বদি এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
 
রাষ্ট্রপক্ষে দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর কবির হোসেইন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, বদির আইনজীবী মাহফুজুর রহমান লিখন মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে দাখিল করা আবেদনের উপর শুনানি করেন।
 
চলতি বছর ৭ মে দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
 
চলতি বছরের গত বছরের ২১ আগস্ট রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক আবদুস সোবহান।
 
গত বছরের ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্ট তাকে চার সপ্তাহের জামিন দেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তার জামিন নাকচ করে কারাগারে পাঠান। পরবর্তী সময়ে তিনি ফের হাইকোর্ট থেকে জামিন পান।