গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি জলাশয়ে ইজারা টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে রাখা টেন্ডার বাক্সে টেন্ডার ফেলা নিয়ে প্রথমে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্লা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন জানান, টেন্ডার ফেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
