সাংবাদিক লাঞ্চিত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস ইসির

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ২২:১৪
 
জাতীয় পরিচয়পত্র পেতে জনগণের ভোগান্তি নিয়ে রিপোর্ট করতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছে চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরা পার্সন রিপু আহমেদ। এ সময় ক্যামেরাও ভাঙচুর করে এনআইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
 
বুধবার দুপুর ১২ টার দিকে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ ঘটনা ঘটে। মোবাইল ফোন কেড়ে নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরা পারসন রিপু আহমেদকে মারধর করা হয়।
 
এ বিষয়ে মুস্তাফিজুল আলম ইত্তেফাককে বলেন, সংবাদ সংগ্রহে এসে এনআইডি’র কিছু কর্মকর্তা ও কর্মচারীরা কাজে বাধা দেন। পরে এক কর্মকর্তার কক্ষে নিয়ে মারধর, ক্যামেরা ভাঙচুরও করা হয়। বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
 
ঘটনাস্থলে উপস্থিত নির্বাচন কমিশনার  মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, সেবা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইসলামিক ফাউন্ডেশন ভবনে নির্বাচন কমিশনারের অবস্থানকালে সাংবাদিক লাঞ্ছণার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
 
শাহ নেওয়াজ বলেন, সাংবাদিককে দায়িত্বপালনকালে মারধর করা হবে তা কোনোভাবে সহ্য করা হবে না। প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
 

জানতে চাইলে এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।