গফরগাঁওয়ে পিস্তলসহ আটক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১১:২০
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে পিস্তলসহ আটক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা । পুলিশ ছাত্রলীগ নেতার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া রাসেল আহম্মেদ (২৪) উস্থি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব কান্দিপাড়া গ্রামের মসজিদের মোড় এলাকায় পাগলা থানার এএসআই কাশেম ও এএসআই পরিমল ইয়াবা ও ফেনসিডিল বিরোধী অভিযান চালায়। এ সময় উস্থি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল আহম্মেদ একটি বিদেশি পিস্তলসহ আটক হয়। আটকের পর এই ছাত্রলীগ নেতাকে রিকশাযোগে থানায় নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলেজ রোড এলাকায় পুলিশের কাছ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫/২০জন নেতাকর্মী তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সরকার দলীয় নেতাকর্মীরা এএসআই কাশেম, এএসআই পরিমল, কনস্টেবল আনিস ও হামিদকে কিল-ঘুষি মারে। থানা-পুলিশ উদ্ধারকৃত পিস্তলটি থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাসেল আহম্মেদকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পাগলা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অস্ত্র উদ্ধার ও পুলিশের কর্তব্য কাজে বাধা এই দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।