ভয়াবহ বিস্ফোরণের পর চীনের তিয়ানজিনের শিল্প এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। ঐ বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছে ১১৪ জন, আহত হয়েছে সাতশোর বেশি মানুষ। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক গ্যাস। উদ্ধারকারীরা আশেপাশের তিন কিলোমিটারের মধ্য থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে উদ্ধারকারীদেরও। ঐ এলাকায় কোন জীবন্ত মানুষ বা প্রাণীর সন্ধান পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু তিন দিন পর ঐ জায়গা থেকে উদ্ধার করা হয়েছে একটি জীবন্ত কুকুর ছানা। উদ্ধারকারীদের গা ঘেঁষে ছিলো কালো রঙের কুকুর ছানাটি। এতো ব্যাপক ধ্বংসস্তুপের মধ্যেও অক্ষত কুকুর ছানাটি এখন চীনাদের কাছে হয়ে উঠেছে জীবন যুদ্ধের প্রতীক। দুর্ঘটনার পর সেখানে এতো মানুষের প্রাণহানি ঘটলেও কুকুর ছানাটির অক্ষত থাকার ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন অনেকেই।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কুকুর ছানাটিকে নিয়ে হাজার হাজার মানুষ পোস্ট দিচ্ছে, শেয়ার দিচ্ছে। এ ঘটনাকে আলৌকিক উল্লেখ করে কুকুর ছানাটিকে জীবনের প্রতীক হিসেবে উল্লেখ করছেন চীনারা।
খবর: বিবিসি।
