বঙ্গবন্ধুর কবরের সামনে বসে কাদের সিদ্দিকীর রাত্রি যাপন

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৬:১১
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরের সমানে বসে রাত্রি যাপন করেছেন কাদের সিদ্দিকী ।  বুধবার সারা রাত বসে ইবাদত-বন্দেগি করেছেন তিনি।
 
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক জানান, বুধবার বিকালে  ৫টি  গাড়িতে স্ত্রী পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীদের নিয়ে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়া আসেন। তিনি বঙ্গবন্ধুর কবরের সমানে বসে রাত্রি যাপন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
 
বুধবার বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর কেউই প্রতিবাদ করেনি। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯ আগস্ট আমিই প্রথম প্রতিবাদ করেছিলাম। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এবার ১৯ আগস্ট  টুঙ্গিপাড়ায় এসেছি।
 
তিনি শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগষ্টের শহীদদের জন্য দোয়া-মোনাজাত করেন।
 
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় তার সহধর্মিনী বেগম নাসরীন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, দুই মেয়ে কুড়ি সিদ্দিকী, কুশি সিদ্দিকী, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুবনেতা হাবিবুর নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপসহ যুব ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।