সুরমার পানি বিপদসীমার উপরে, সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৭:১৮
 
গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিপাতের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। পাহাড়িঢল ও বৃষ্টিপাতে সব কয়টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে, সুরমার পানি বৃহস্পতিবার বিকেল চারটায় বিপদ সীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘন্টায় ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 
নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
 
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও পাহাড়ীচড়া দিয়ে সীমান্তের ওপার থেকে পানি নেমে আসায় রোপা আমনের ক্ষতি হযেছে। তাছাড়া উপজেলার আভ্যন্তরীণ সড়ক তাহিরপুর-বাদাঘাট, আনোয়ারপুর-বাদাঘাট, শক্তিয়ারখলা-আনোয়ারপুর সড়কে পানি ওঠায় সুনামগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটেছে।
 
দোয়ারা বাজার উপজেলার ফতেপুর গ্রামের ফয়েজ উদ্দিন, নজিম উদ্দিন জানান, তাদের বাড়িঘরের  আঙ্গিনায় পানি উঠেছে। অনেক রাস্তাঘাট পানির নিচে। মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে।