ঝালকাঠির রাজাপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রির দায়ে এক ওষুধ বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে আফজাল মেডিক্যাল হলের মালিক আফজাল হোসেনকে এ জরিমানা করা হয়।
পুলিশ জানায়, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রোগীর কাছে মেয়াদোত্তীর্ণ একটি ইনজেকশন বিক্রি করেন আফজাল মেডিক্যাল হলের মালিক মো. আফজাল হোসেন। পরে ওই রোগী ইনজেকশনটি শরীরে পুশ করতে হাসপাতালে যান। চিকিৎসকরা ইনজেকশনটির গায়ে মেয়েদোত্তীর্ণের তারিখ দেখতে পেয়ে ওই রোগীকে জানায়। এ খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ওষুধ বিক্রেতাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
