ঢাকায় নারীদের নিয়ে টেক ফেস্ট অনুষ্ঠিত

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৭:৫৯

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ আয়োজন। বাংলাদেশের নারীদের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে ও তাদের প্রযুক্তিখাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বেসিসের পরিচালক ও নারী উদ্যেক্তা সামিরা জুবেরী হিমিকা, গুগলের প্রতিনিধি বিকি রাসেল, গ্রামীনফোনের সিনিয়র স্পেশালিস্ট সায়মা রহমান, উইমেন টেকমেকারস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি ফারাহ নাজিফা এবং রাখশান্দা রুখাম, 'আইএম এসএমই আব বাংলাদেশ' এর পরিচালক ফারহানা নাজনীন, গুগল বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং কন্সালটেন্ট হাশমি রাফসান জানি, প্রেনিউরল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গুগল ডেভেলপার গ্রুপের ম্যানেজার আরিফ নিজামী, আমরা সল্যুশন্সের হেড অব বিজনেস সোলাইমান সুখনসহ আরো অনেকে।

নারীরাই বর্তমান সমাজে উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে সামিরা জুবেরী হিমিকা বলেন, নারীদের কিভাবে প্রযুক্তিখাতে আরও সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে আমাদের আরো ভাবতে হবে।

গুগলের প্রতিনিধি বিকি রাসেল অনুষ্ঠানে বক্তব্য দানকালে গুগলে নারীদের সম্পৃক্ততা ও প্রযুক্তিখাতে নারীদের অভাবনীয় সাফল্যের কিছু উদাহরণ উপস্থাপন করেন এবং নারীদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নারীদের কর্পোরেট সেক্টরের ভুমিকা নিয়ে কথা বলেন গ্রামীনফোনের সিনিয়র স্পেশালিস্ট সায়মা রহমান। কর্পোরেট শাখায় নারীরা কিভাবে মুল চালিকা শক্তি হতে পারে তার কিছু উদাহরণও তুলে ধরেন তিনি।


এছাড়াও নারীদের বিকাশ ও অগ্রগতি নিয়ে কথা বলেন উইমেন টেকমেকারস বাংলাদেশর প্রধান প্রতিনিধি ফারাহ নাজিফা ও রাখশান্দা রুখাম। তারা বর্তমানে বাংলাদেশে নারীদের কিভাবে প্রযুক্তিখাতে এগিয়ে নিয়ে আসা যায় তা নিয়ে কাজ করছেন।

মুলত নারীদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্যেই নারীদের টেক ফেস্টের আয়োজন করা হয়ে। অনুষ্ঠানটির পৃষ্টপোষকতায় ছিল গুগুল ডেভেলপার গ্রুপ ঢাকা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব। বিস্তারিত: facebook.com/groups/wtmbd ঠিকানায়।