অবশেষে টানা ৬৫ দিনের অনশন ভাঙলেন ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনী নাগরিক মোহাম্মদ আল্লান। ইসরাইলের সুপ্রিম কোর্ট তার বন্দিদশা স্থগিত করে রুল জারি করলে বুধবার চিকিত্সকদের সামনে অনশন ভাঙেন তিনি। আল্লান বর্তমানে ইসরাইলের বারজিলাই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র আয়েলেট ফিলো জানিয়েছেন, আল্লানের অবস্থার যদি উন্নতি না হয়, তাহলে ‘প্রশাসনিক আটক’ অবস্থা থেকে তাকে সম্পূর্ণ মুক্তি দেয়া হবে।
বৃহস্পতিবার চিকিত্সকরা জানান, ৬৫ দিন কোনো কিছু না খাওয়ায় ভিটামিনের অভাবে তার মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থা কাটিয়ে আল্লান পুরোপুরি সুস্থ হতে পারবেন কি না, তা এখনও বলা যাচ্ছে না। এখন আল্লানের সঙ্গে তার পরিবারের লোকজন দেখা করার সুযোগ পাবেন বলেও জানা গেছে।
‘ইসলামিক জিহাদ’ নামে ফিলিস্তিনের একটি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে আল্লানকে আটক করা হয়। তবে ওই সংগঠনের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন আল্লান। আর বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ জানাতে অনশন শুরু করেন তিনি।
এদিকে আল্লানকে মুক্তি দেয়ার ফলে আটক ফিলিস্তিনীরা আরও বেশি অনশনের পথ বেছে নিতে পারে বলে মনে করছেন ইসরাইলি আইনজীবীরা। ‘প্রশাসনিক আটক’ এর নিয়ম অনুযায়ী সন্দেহভাজন কাউকে ছয় মাস পর্যন্ত আটকে রাখতে পারে ইসরাইল।
কিন্তু মানবাধিকার সংস্থাগুলো মনে করে, এ আইনের বাড়তি ব্যবহারের ফলে নির্দোষীও অনেক সময় বন্দি থাকেন। বিনা বিচারে কাউকে আটক না রাখার দাবি জানিয়ে আসছে মানবাধিকার কর্মীরা। সূত্র: আল জাজিরা
