বগুড়ার রাজাপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের রাজাপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঠাণ্ডু জোয়াদ্দার (৩৮) নামে এক বাসযাত্রী নিহত ও উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১২জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত ঠাণ্ডু জোয়াদ্দার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের অনু জোয়ার্দারের ছেলে। আহতরা সকলেই গাইবান্ধা ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়ামুখি একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রাজাপুর নামকস্থানে পৌঁছালে ঢাকাগামী সৈকত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ঠাণ্ডু জোয়াদ্দার নিহত হন।
আহতরা হলেন- হিমেল (২১), কাদের (৪০), আরিফ, (২৬), শহিদুল ইসলাম (২১), আব্দুল হক (৫৮), সবুজ (৩৩), নওয়াব আলী (৩৬), তসলিম (৪০), জহুরুল ইসলাম (৪০), হাবিবর রহমান (৪০), তপন (২৪), আলম (৪০), ফরহাদ (২৪) ও রোস্তম আলী (৩৩)। পুলিশ স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় এদের মধ্যে ১২ জনকে বগুড়া শজিমেক এ পাঠায় ।
