বগুড়ায় কবর খুঁড়তে গিয়ে পিস্তল উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৮:৫২
 
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামে কবর খননকালে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
 
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উল্লেখিত কবরস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তিকে দাফন করার জন্য একটি কবর খনন করার সময় মাটির নিচ থেকে দেশিয় তৈরী একটি পিস্তল উদ্ধার হয়। পরে এলাকাবাসী থানায় খবর দেয়।
 

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া পিস্তলটি সচল রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলাব্যাপী চলমান অস্ত্র উদ্ধার অভিযানে আতঙ্কিত হয়ে সন্ত্রাসীরা পিস্তলটি মাটির নিচে রেখে দিয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।