চীনে প্রবল বর্ষণে ১১ জনের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৯:১৩
 
চীনের শিনচুয়ান প্রদেশে টানা চার দিন ধরে প্রবল বর্ষণ হচ্ছে। রবিবার থেকে চলা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এরই মধ্যে ১১ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
 
খবরে বলা হয়েছে, বন্যায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির অন্তত ১৬টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে পাঁচ লাখ ৬৪ হাজার মানুষ বিপাকে পড়েছেন। ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুইয়ং কাউন্টির মানুষ। হাজার হাজার মানুষ হয়ে পড়েছে বিদ্যুত্ বিচ্ছিন্ন।
 
সিনহুয়া লিখেছে, নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও দমকলবাহিনী সবরকম তত্পরতা ও অভিযান চালাচ্ছে।