বরিশাল সদর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী ক্লাশে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়েছে। এদেরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এসব শিক্ষার্থী শরীরের নানা অংশে ব্যথা অনুভব করছে। এদের মধ্যে কেউ মাঝে-মধ্যে অজ্ঞান হয়ে পড়ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. এসএম মামুনুর রহমান নোবেল জানান, প্রাথমিকভাবে রোগীরা “মাস হিস্টিরিয়া” রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২৪ ঘণ্টার আগে স্পষ্ট করে এ ব্যাপারে কিছু বলা যাবে না।
স্কুলের সহকারী শিক্ষিকা শিলা সরকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হতে থাকে। এর কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সহায়তায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিরত শিক্ষার্থীরা হলে, আসাদুজ্জামান, অর্পিতা, উর্মি, চাঁদনী, রূপালি, রূপা, পপি, সাথী, মুক্তা, আখি, মৌ, আমেনা, মনি, লিয়ামনি, রাফি ও সুমন।
সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু জানান, শিক্ষার্থীদের সুচিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
