‘৩ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ তদন্ত চাই’

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২২:০৫
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তিন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। আইনজীবীরা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। এদের কেউ জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে জড়িত আমি তা বিশ্বাস করতে পারি না। তবে এদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনে অর্থায়নের যে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে সুপ্রিম কোর্ট বার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
 
বৃহস্পতিবার সভাপতির কার্যালয়ে খন্দকার মাহবুব এসব কথা বলেন।
 
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেপ্তার হওয়া উদ্বেগের বিষয়। তাঁদের মধ্যে একজন নারী ব্যারিস্টার গ্রেপ্তার হয়েছেন। এটা কি আমাদের জন্য একটা অশনি সংকেত নয়? আমরা আইনজীবীরা কোনোদিনই চরমপন্থা বা সন্ত্রাসবাদের দিকে যাইনি। এটি নতুন দেখা যাচ্ছে। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।
 
অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের জবাবে খন্দকার মাহবুব বলেন, কারো বিরম্নদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাকে দোষী সাব্যস্ত্ম করে বক্তব্য দেওয়া দুঃখজনক। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যদি এসব কথা বলে থাকেন তাহলে আইনজীবীরা এর বিরম্নদ্ধে সোচ্চার হবেন। কেননা এতে সব আইনজীবীকে অপমান করা হয়েছে।