সৈয়দপুরের ৫৪ জন হজে যেতে পারছেন না!

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১১:৫৭
 
সৌদি সরকারের ই-হজ সিস্টেমে নাম রেজিস্ট্রেশন না হওয়ায় নীলফামারীর সৈয়দপুরের ৫৪ জন যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সৌদি সরকার কর্তৃপক্ষের তালিকার বাইরে থাকায় চলতি বছর হজে যেতে পারছেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। ধর্ম মন্ত্রণালয়ের একটি টিম এটি নিয়ে কাজ করলেও বিষয়টি এখনও অনিশ্চিত বলে জানা গেছে।
 
হজযাত্রীরা জানান, ঢাকাস্থ ‘মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ৫৪ জন হজযাত্রী টাকা জমা দেন। প্রতিষ্ঠানের সৈয়দপুরস্থ স্থানীয় এজেন্ট হাফেজ আব্দুল কাদির হজযাত্রী সংগ্রহ করেন। ঐ প্রতিনিধির কাছে টাকা জমা দেন তারা। কিন্ত সৌদি সরকারের রেজিস্ট্রেশনের তালিকায় এই ৫৪ জন হজযাত্রীর নাম নেই।
 
অভিযোগ রয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়ে নাম রেজিস্ট্রেশন না করায় তাদের নাম তালিকাভুক্ত হয়নি। তালিকায় নাম না থাকায় এসব হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে এই ঘটনায় হতাশ হয়ে পড়েছেন তারা।
 
এ ব্যাপারে স্থানীয় প্রতিনিধি হাফেজ আব্দুল কাদির রেজিস্ট্রেশন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের হাতে ১০ হাজার হজযাত্রীর কোটা রয়েছে, এটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বণ্টন করলে হজযাত্রীরা হজে যেতে পারবেন বলে দাবি করেন তিনি।