মতলবে টিকা দেয়ার পর শিশুর মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১৩:৫৪
 
মতলবে মধ্য কলাদীতে শিশু সামিয়াকে টিকা দেয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।   বৃহস্পতিবার শিশুটির মৃত্যু হয় বলে জানা যায়। মুত্যুকালে তার বয়স ছিল দেড় মাস ।পরিবারের অভিযোগে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
 
সামিয়ার মা আয়েশা বেগম বলেন, ‘গত বুধবার মেয়ের দুই পায়ে ও বাম হাতে টিকা দেয়া হয়। রাতে ঘুমাবার আগে ভালোই ছিল সে । ভোরে উঠে দেখি কোনো নড়াচড়া করছে না। টিকা দেয়ার স্থানগুলো নীল বর্ণ ও সমস্ত শরীর কালো হয়ে গিয়েছে।’ শিশু সামিয়ার কোনো ধরণের অসুস্থতার কথা শুনেননি বলে জানান প্রতিবেশী আহসান মৃধা ।  টিকা দেয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।  শিশুর বাবা মো. হাসান বলেন, ‘টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। এর জন্য নার্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ দায়ি।’
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক ভাবে শিশুটির বাড়িতে যাই। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা সিভিল সার্জনকে জানাই। তিনিও ঘটনারস্থল পরিদর্শন করেছেন। পরে সিভিল সার্জন অফিস পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।  এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
 
সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেন, টিকা দেয়ার পর মৃত্যু হয়েছে এটা সত্য নয়। টিকা দেয়ার পর বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। ঘটনাটি শোনার পর দেখতে এসেছি।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়ি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।