নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোন রকমের শৈথিল্য-পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। নির্বাচনের আগের রাতে ভোটবাক্সে ব্যালট ভরে দেওয়া কিংবা ভোটের দিন যেনতেনভাবে ভোট নেওয়া বা গণনার সময় অনিময় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন আইনানুগ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’
বুধবার দুপুরে পঞ্চম উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সর্বোপরি একটি আইনানুগ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সে দায় নির্বাচন কমিশনের।’
আরো পড়ুন: ফিরে আসবে না সেই বৃষ্টি, মরদেহ শনাক্ত
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন, বিজিবির ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলদার, র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল ফয়সল আহমদ, জাতীয় নিরাপত্তা সংস্থার সহকারী পরিচালক মঞ্জুরুল আলম, বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী অফিসার সমির বিশ্বাস, সদর উপজেলা নির্বাচন অফিসার উওম কুমার রায়, সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ সুনামগঞ্জের ১০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/বিএএফ
