ইসরাইলের একটি গ্রামে রকেট হামলার জবাবে সিরিয়ার গোলান মালভূমির একটি ভবনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা ও বিবিসির।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সানা বলেছে, মালভূমির কুনেইত্রা এলাকায় একটি পরিবহন সংস্থার দপ্তর এবং আবাসিক ভবনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সানা। এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলীয় একটি গ্রামে রকেট হামলায়ও কোনো হতাহত হয়নি বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। ওই হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য ইসরাইলী সেনাদের সেখানে পাঠানো হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে ফিলিস্তিনে হামলা চালানোর আগে ইসরাইলের পক্ষ থেকে এমন রকেট হামলার কথা উল্লেখ করা হয়েছিল, যার কোনো ক্ষয়-ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি
এ দিকে রকেট হামলার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামি জিহাদকে দায়ী করেছে ইসরাইল। তবে সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থানরত ইসলামি জিহাদের একজন মুখপাত্র তা প্রত্যাখ্যান করেছেন।
ফিলিস্তিনি একটি গোষ্ঠীকে দায়ী করে সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে এক বিবৃতিতে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সিরিয়ার গোলান মালভূমি থেকে এবং সিরিয়ায় থেকে আসা যেকোন হামলার জন্য সিরিয়ার সরকার দায়ী থাকবে।
