দক্ষিণ সুদানের রাজধানী জুবায় বন্দুকধারীরা সাংবাদিক পিটার জুলিয়াস মউইকে গুলি করে হত্যা করেছে। মরদেহ শনাক্ত করার পর তার পরিবার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
গৃহযুদ্ধ কবলিত দক্ষিণ সুদানে মউই হলেন চলতি বছর নিহত সপ্তম সাংবাদিক। প্রেসিডেন্ট সালভা কির ‘দেশের বিরুদ্ধে কাজ করা’ সাংবাদিকদের হত্যার হুমকি দেয়ার কয়েক দিন পরেই মউই নিহত হলেন। প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, ওই কথাগুলো প্রেক্ষাপট ছাড়াই উল্লেখ করা হয়েছে এবং মউইর মৃত্যুর তদন্ত করা হচ্ছে। তিনি আরো জানান, প্রেসিডেন্টের মন্তব্যটি স্পষ্ট করার জন্য এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে।
মউই দক্ষিণ সুদানের ‘কর্পোরেট উইকলি’ পত্রিকায় কাজ করতেন। গত বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে তাকে হত্যা করা হয়। তার পিঠে দুইটি গুলির দাগ পাওয়া গেছে।
