তুর্কি অভিযানে ইরাক ও তুরস্কে গত চার সপ্তাহে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৭৭১ জন সদস্য নিহত হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি একথা জানায়।
সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, নিহত পিকেকে সদস্যদের মধ্যে ৪৩০ জন ইরাকে বিমান হামলায় নিহত হন। অপর ২৬০ জন তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থল অভিযানে নিহত হয়।
সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের সুরুক শহরে গত ২০ জুলাই এক আত্নঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত হওয়ার পর হামলা শুরু করে তুরস্ক। আত্মঘাতী বোমা হামলার জন্য তুরস্ক সরকার ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করলেও পিকেকে'র অভিযোগ, কুর্দিদেরকে প্রধান লক্ষ্য করেছে দেশটির সরকার। এর মাধ্যমে আইএসকে প্রশ্রয় দেয়া হচ্ছে বলেও পিকেকের অভিযোগ।
গত ২৪ জুলাই আঙ্কারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে তাদের প্রথম বিমান হামলা চালায়। পরে তারা ইরাকের উত্তরাঞ্চলেও পিকেকে’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।
বেশ কয়েক দফা বিমান হামলা হলেও আইএসের অবস্থান লক্ষ্য করে কেবলমাত্র তিনবার হামলা চালানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তুরস্ক।
