ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার ভোররাতে বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুন লেগে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জে একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ ইকুরিয়ার টিলাবাড়ি মসজিদের বিপরীত পাশে একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলে। আগুন ওই ঘরে বসবাসরত একই পরিরারের পাঁচজন দগ্ধ হয়। এরা হলো—রিকশাচালক রিপন (৪৫), তার স্ত্রী মলিদা (৩৫) এবং তাদের তিন সন্তান আব্দুল গণি (৪), রিপা (১৬) ও মনির হোসেন (১৪)। তিনি আরো জানান, ওই ঘরে শর্ট সার্কিট হওয়ায় ঘরের বৈদ্যুতিক পাখার তার থেকে আগুন ধরে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সক জানান, আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে রিপনের শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন। মালিদার শরীরের ৩১ শতাংশ, রিপার ২০ শতাংশ, মনিরের ২২ শতাংশ এবং ছোট ছেলে গণির ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
