নরসিংদীতে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে খুন

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৭:৩৯

নরসিংদীর সোনাতলায় সালিশ বৈঠক থেকে ডেকে এনে হত্যা মামলার আসামি মহসিনকে (৩০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার সোনাতলা হারিছ টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মহসিন ঘোড়াদিয়ার সোনাতলা এলাকার হান্নান মিয়ার ছেলে। 

পুলিশ জানিয়েছেন, মহসিন ও তার বাবা হান্নান একই এলাকার আলতাফ গাজী হত্যা মামলার আসামি। মহসিন সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছর আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহসিন তার প্রতিবেশি চাচা আলতাফ গাজীকে একই স্থানে কুপিয়ে হত্যা করে। খুনের দায়ে আলতাফ গাজীর ছেলে শামীম বাদী হয়ে খুুনি মহসিনসহ তার বাবা হান্নানকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা দয়ের করেন। কিন্তু গত কয়েকদিন আগে মহসিন জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদী ও নিহতের পরিবারকে পুনরায় হত্যার হুমকি দেয়। এরই জের ধরে বুধবার সকালে মহসিন তার সন্ত্রাসী বাহিনী জমিসংক্রান্ত বিরোধ মেটাতে সোনাতলা সাত্তার মিয়ার বাড়িতে শালিস-বৈঠক বসে। কতিপয় ব্যক্তি সালিশ থেকে মহসিনকে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কাছে নিয়ে আসে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা কুড়াল ও দা নিয়ে এলোপাথারি হামলা চালিয়ে মুমুর্ষ অবস্থায ফেলে রেখে পালিয়ে যায়। 

আরও পড়ুন: ‘দিনে কাজ করি, রাইতে পড়ি, পইড়া পুলিশ অইতে চাই'

নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ‘আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/কেকে