কুমিল্লায় ডাকাতদলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৭:৩৫
কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আ. কাদের (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ওই ডাকাত জেলার মনোহরগঞ্জ উপজেলার বড়নীকুণ্ডু গ্রামের শাহাদাৎ হোসেনের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ ৮ ডাকাত সদস্যকে আটক করেছে। 
 
শনিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় এই ঘটনা ঘটে। ডিবির এস. আই শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। 
IMG0
নিহত আবদুল কাদের
 
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে সড়কে টহলরহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই শাহ কামাল আকন্দ ও এস.আই সহিদুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত আবদুল কাদের মারা যায়ন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ নেয়ামত উল্লাহ, সহিদুল ইসলাম, নোমান মিয়া, শৌরভ, জাহাঙ্গীর, জামাল, জুয়েল ও বাবুলকে আটক করা হয়। 
 
 
এ বিষয়ে ডিবির এস. আই শাহ কামাল আকন্দ জানান, নিহত ডাকাত আবদুল কাদেরের বিরুদ্ধে লাকসাম ও মনোহরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় অন্তত ৯টি ডাকাতির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ১টি বিদেশি শটগান, ৩টি ছুরি এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।