খালেদা জিয়া নেতা নন, সন্ত্রাসী: জয়

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১০:১৪


প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, “খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নন। তিনি একজন সন্ত্রাসী।” শুক্রবার রাত ৯টার দিকে ফেইসবুক স্ট্যাটাসে (http://on.fb.me/1h2odCi) তিনি এসব কথা বলেন।

জয় তার স্ট্যাটাসে আরো লিখেছেন, “বিএনপি সেই একই দল যারা মাসকয়েক আগে এবং ২০১৩ সালের শেষ নাগাদ আমাদের নাগরিকদের ওপর পেট্রোল বোমা হামলা চালিয়েছিল। শতাধিক নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা, যাদের মধ্যে নারী এবং শিশুরাও ছিল।”

জয় লেখেন, “আগস্ট মাস আমাদের জন্য একটি কালো মাস, বিশেষ করে আমার পরিবারের জন্য। ২০০৪ সালের এই দিনে ভয়াবহ এক গ্রেনেড হামলায় প্রায় মারা পড়ছিলেন আমার মা। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মিসেস আইভী রহমানসহ দলের ২৩ জন সদস্য নিহত হন এবং ৪০০ জনের বেশি আহত হন। এটি ছিল আমার মাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ১৯তম হামলা।”

তিনি লেখেন, “হামলা চালিয়েছিল যে জঙ্গি সংগঠনটি, তার প্রধান মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর বিস্তারিত জবানবন্দিতে উল্লেখ করেছে যে, হামলার পরিকল্পনার বৈঠকগুলো হয়েছিল হাওয়া ভবনে, বেগম জিয়ার ছেলে তারেক রহমান এর কার্যালয়ে।”

এরপর তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিডিও (http://bit.ly/1Nqz3zO) শেয়ার করেন।


ওই ভিডিওতে মুফতি হান্নানকে হামলা পরিকল্পনায় তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সচিব হারিছ চৌধুরী, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর জড়িত থাকার কথা বলতে শোনা যায়।